এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া বিমানবন্দরের উন্নয়ন, আধুনিকায়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার কমান্ডিং (এওসি) এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলামের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুর ১টায় বগুড়ার ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অফিসার কমান্ডিং গ্রুপ ক্যাপ্টেন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মুহাম্মদ রায়হান, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শ্রী পরিমল চন্দ্র দাস।
মতবিনিময় সভায় বক্তারা বগুড়া বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন, কার্যক্রম সম্প্রসারণ এবং উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক অগ্রগতিতে বিমানবন্দরের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলাম বলেন, সরকার বগুড়ার এরুলিয়ায় অবস্থিত বিদ্যমান এয়ারফিল্ডকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় একটি আধুনিক বিমানঘাঁটি এবং দক্ষ পাইলট তৈরির লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের ১৬টি জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি আমদানি-রপ্তানি ও কার্গো পরিবহনে নতুন গতি সঞ্চার হবে এবং বগুড়া একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে উঠবে। এছাড়া দেশের আকাশসীমা সুরক্ষা ও সামরিক সক্ষমতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি বা স্টেশনও স্থাপন করা হবে।

