এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‘করব সমবায়ে, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ও জননেতা মোর্শেদ মিল্টন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল।
উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দীন হারেজ, আবু শাহিন সানিসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, গ্রামীণ উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে সমবায় ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র পুঁজি একত্রিত করে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা সম্ভব।
তাঁরা আরও বলেন, একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। এ লক্ষ্যে সমবায়ী সংগঠনগুলোর কার্যক্রম সম্প্রসারণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

