এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নেতৃত্বে যৌথভাবে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের হবিবুর ঢালীর ছেলে ফরিজুল ইসলাম (৪২), বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আলম (৩০) এবং একই উপজেলার চক্রামপুর গ্রামের মৃত আজি মুদ্দিনের ছেলে ছিদ্দিক হোসেন (৭০)। তাঁদের মধ্যে ছিদ্দিক হোসেন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানকালে উদ্ধার করা পাঁচ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।

