স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুরে পৃথক মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জিকরুল হক জিকু (৩২) ও সরকারি শেরপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এ এস এম সাকিলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর পৌর শহরের শ্রীরামপুর পাড়ায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিকরুল হক জিকুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে।
অন্যদিকে, এনআই অ্যাক্টের (চেক ডিজঅনার) মামলায় আদালতের সাজা পরোয়ানাভুক্ত এবং ২০১৮ সালে সাবেক সংসদ সদস্য জি এম সিরাজের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত আসামি সরকারি শেরপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এ এস এম সাকিলকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরপুর পৌরসভার নয়াপাড়া এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা ছাত্রলীগের সাবেক দুই নেতাকে বুধবার দুপুরে বগুড়ার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

