স্টাফ রিপোর্টার:
বগুড়ার আদমদীঘি থানার নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী হোসেন ফকির, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এছাড়াও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নব-নির্মিত থানা ভবনের মাধ্যমে জনগণ আরও উন্নত ও দ্রুত সেবা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
পরে অতিথিরা নব-নির্মিত ভবন পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

