
বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর বাজারে মেসার্স এফ.এম ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ দুই লাখ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাত ৩টার মধ্যে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর গ্রামের বাসিন্দা মো. মেহেদী হাসান প্রায় তিন বছর আগে কান্তনগর বাজারের উত্তর পাশে মেসার্স এফ.এম ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রতিষ্ঠানটিতে রড, সিমেন্ট, ডিজেল, পেট্রোল, অকটেন, মবিল, গিয়ার অয়েল ও এলপিজি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্য পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।
প্রতিষ্ঠানটির মালিকের দাবি, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর রাতের কোনো এক সময় চোরের দল ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ব পাশের অংশ কেটে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা বিভিন্ন মালামাল, একটি কম্পিউটার ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এতে সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত ধুনট থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছিল। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চুরি ও নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এম এ রাশেদ স্টাফ রিপোর্টার 


















