শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও বিক্রি, লেবেলবিহীন পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় পাঁচটি রেস্টুরেন্ট ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার ধুনট মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন এ জরিমানা আদায় করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
অভিযানে ধুনট মোড় এলাকার হোটেল আখিমনিকে ৫০ হাজার টাকা এবং মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাসস্ট্যান্ড এলাকার শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার টাকা, চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার টাকা এবং সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের সংশ্লিষ্ট আইনের ধারায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করা হয়েছে। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই উৎপাদন ও বিক্রির পাশাপাশি লেবেলবিহীন পণ্য বিক্রির অনিয়ম পাওয়া যায়। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স না থাকার বিষয়টিও ধরা পড়ে।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী সাত দিনের মধ্যে চিহ্নিত ত্রুটি ও অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স নেই, তাদের দ্রুত লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।
প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, খাদ্যপণ্যের মান, উৎপাদন পরিবেশ ও প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

