শেরপুর বগুড়া প্রতিনিধি:
১৫ বছর পরে বগুড়ার শেরপুর উপজেলার ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গায় অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার নওদাপাড়া এলাকায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু এবং শেরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা দবিবুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকি হেলাল, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কাওছার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গায় কার্যালয় প্রতিষ্ঠার বিষয়টি স্থানীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ কার্যালয়ের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় নাগরিক সেবা গ্রহণে উপকৃত হবেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নতি, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

