দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা বলেছেন, মুসলমানের ঘরে জন্মেছেন বলে নয়, বরং নিজের মনের দৃঢ় বিশ্বাস ও ভালোবাসা থেকেই ইসলাম ধর্মকে হৃদয়ে ধারণ করেছেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক বার্তায় ধর্মীয় বিশ্বাস, ইসলাম, পবিত্র কোরআন, মানবতা ও ব্যক্তিগত জীবনদর্শন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই শিল্পী।
ফেসবুক বার্তার শুরুতে সালাম জানিয়ে কনকচাঁপা নিজেকে বাংলাদেশের একজন সচেতন নাগরিক ও গর্বিত মুসলমান হিসেবে উল্লেখ করেন। সংগীতজগতের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ভক্তদের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথাও তুলে ধরেন তিনি।
নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে কনকচাঁপা জানান, তাঁর বাবা আজিজুল হক মোর্শেদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক ছিলেন। তাঁর মা মোমেনা জাহান একজন ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবক। তাঁর বাবা-মায়ের জন্ম সিরাজগঞ্জের কাজীপুরে হলেও তাঁর জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তাঁর স্বামী মইনুল ইসলাম খান একজন সুরকার ও সংগীত পরিচালক।
নিজের ধর্মীয় বিশ্বাসের বিষয়ে কনকচাঁপা বলেন, তিনি ইসলাম ধর্মের মৌলিক শিক্ষায় বিশ্বাসী। অন্য সব ধর্মের প্রতি সম্মান রেখেও নিজের ধর্ম ইসলাম, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে গভীরভাবে ভালোবাসেন তিনি। নিজের এই বিশ্বাস প্রকাশে তাঁর কোনো সংকোচ নেই বলেও জানান।
ফেসবুক বার্তায় তিনি পরকাল, কিয়ামত, হাশরের ময়দান, আল্লাহর বিচার এবং পরকালের অনন্ত শান্তির প্রতি নিজের বিশ্বাসের কথা উল্লেখ করেন। মৃত্যুর অনিবার্যতা স্মরণ করে আল্লাহর নৈকট্য লাভের আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন এই শিল্পী।
মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপের প্রসঙ্গে কনকচাঁপা বলেন, তাঁর মতে, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে যথাযথ জ্ঞান থাকলে কেউ এমন গর্হিত কাজ করতেন না।
পবিত্র কোরআন পাঠের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, আরবি ভাষায় কোরআন পড়ার পাশাপাশি এর অন্তর্নিহিত অর্থ বোঝার জন্য বাংলাতেও নিয়মিত পড়েন। ধর্মীয় বিশ্বাস ও মানবসেবার মধ্যে কোনো বিরোধ দেখেন না বলেও জানান তিনি।
কনকচাঁপার মতে, মানবিক গুণাবলি মানুষের মধ্যে থাকা জরুরি। ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানবতার কল্যাণে কাজ করাও সম্ভব। তাঁর বিশ্বাস, সব ধর্মের মূল শিক্ষায় শান্তির কথা বলা হয়েছে।
বার্তার শেষাংশে নিজের ধর্মীয় বিশ্বাসের দৃঢ়তা তুলে ধরে কনকচাঁপা বলেন, পারিবারিক পরিচয়ের কারণে নয়, বরং নিজের অন্তরের বিশ্বাস ও ভালোবাসা থেকেই ইসলামকে ধারণ করেছেন তিনি। এ সময় সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে নিজের ও পরিবারের জন্য দোয়া চান জনপ্রিয় এই সংগীতশিল্পী।

