দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার এইচ.ই. অজিত সিং ও ট্রেড কমিশনার কামাল উদ্দিন।
গতকাল সোমবার (১৭ আগস্ট ২০২৬) সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সম্পর্ক, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে চলমান সহযোগিতা এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, এয়ারোস্পেস, প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্প উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার-টু-সরকার বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া কানাডার নতুন ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি’ (ডিআইএস), ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কানাডার সম্পৃক্ততা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান নিয়েও আলোচনা হয়।
আলোচনায় আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ তুলে ধরা হয়।
কানাডার হাইকমিশনার গত দুই বছরে বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতান্ত্রিক উত্তরণে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কানাডা বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব আরও গভীর করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাস্তবভিত্তিক সহযোগিতা এগিয়ে নিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

