দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাসহযোগিতা জোরদার করার লক্ষ্যে চীন সফরে গেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুল খালেক।
সোমবার (২৬ অক্টোবর) চীনের ইউনান প্রদেশের কুনমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান কুনমিংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ভাইস কনসাল এবং ইউনান প্রদেশের পররাষ্ট্রবিষয়ক দপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে শিক্ষা, একাডেমিক যোগাযোগ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরকালে দুই পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় শিক্ষাসহযোগিতা জোরদার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষা খাতে কার্যকর ও ফলপ্রসূ সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়বে। পাশাপাশি শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের পথও সুগম হতে পারে।
তারিখ: ২৬ অক্টোবর ২০২৬

