https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 26 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-জাপান দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর

admin
October 26, 2026 10:48 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

জাপানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ রয়েছে। জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (২৬ অক্টোবর) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে প্রধানমন্ত্রীর জাপান সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরের প্রথম দিনের কর্মসূচি তুলে ধরে হুমায়ুন কবীর বলেন, দীর্ঘ যাত্রা শেষে টোকিও পৌঁছানোর পরও প্রধানমন্ত্রী বিশ্রাম না নিয়ে দেশের স্বার্থে সফরের কর্মসূচিগুলো কীভাবে সর্বোচ্চ কার্যকর করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কর্মস্পৃহা এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সফরের প্রথম দিনেই স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে উঠেছে। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জাপান সফরও দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান সফরের মাধ্যমে সেই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাপানের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

হুমায়ুন কবীর জানান, সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে দেশটির লিবারেল ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতা ও অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারো আসোর সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন ও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার কথা স্মরণ করেন। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। এ সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাপানি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্ব

প্রধানমন্ত্রীর সফরে জাপানি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে বলে জানান হুমায়ুন কবীর।

তিনি বলেন, সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান এবং জাপান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির সভাপতি মাসুমি কাকিনোকির সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং সদ্য স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, জ্বালানি, উন্নত উৎপাদনশিল্প, সার উৎপাদন এবং শিল্পকারখানা আধুনিকায়নের মতো খাতে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির আধুনিকায়ন এবং দ্বিতীয় সার কারখানা স্থাপনে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।

হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন।

উন্নয়ন প্রকল্পে জাইকার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান

বাংলাদেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করা এবং ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া প্রযুক্তি উদ্ভাবন, কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং হালকা প্রকৌশল খাতে জাপানি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতেও জাপানের সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।

জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানান হুমায়ুন কবীর।

বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যাশা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাসাকাওয়ার আয়োজিত নৈশভোজে অংশ নেন। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি আগ্রহী সাসাকাওয়া এর আগে বাংলাদেশ সফর করেছেন।

হুমায়ুন কবীর বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে জাপানের সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ বাড়ছে। আগামী দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তুলতে চায়। দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিনিয়োগ ও ব্যবসার একটি শক্তিশালী গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও জাপানের সম্পর্ক আরও গভীর হবে এবং দুই দেশের জনগণের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে বলে সরকার আশাবাদী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান, উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্য এবং টোকিওতে বাংলাদেশ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।