দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং দেশটিতে আমিরাতের ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ খুরশেদ আলমের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশে আমিরাতের ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থ ও ব্যবসায়িক কার্যক্রমে সহযোগিতা এবং দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বৈঠকটি বাংলাদেশের সঙ্গে আমিরাতের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। এ ধরনের যোগাযোগ দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা আরও সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে।

