মিন্টু ইসলাম
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন কাঁপছে সারা বিশ্ব, ঠিক তখনই বগুড়ার শেরপুর উপজেলায় তুমুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
প্রতিযোগিতার গ্রুপ পর্বে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি দল—খানপুর, মির্জাপুর, শেরপুর পৌরসভা ও কুসুম্বী।
রোববার (৫ জুলাই) শেরপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনালে বিকেল ৩টায় মুখোমুখি হবে খানপুর ও মির্জাপুর। দ্বিতীয় সেমিফাইনালে বিকেল ৫টায় লড়বে শেরপুর পৌরসভা ও কুসুম্বী।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেমিফাইনালকে ঘিরেও ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দুই ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে বলে প্রত্যাশা করছেন আয়োজক ও দর্শকরা।
টুর্নামেন্টটি আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, শেরপুর। সার্বিক সহযোগিতায় রয়েছে এস আর (SR) গ্রুপ।
আয়োজকরা ফুটবলপ্রেমী সকল দর্শককে মাঠে উপস্থিত থেকে সেমিফাইনালের জমজমাট লড়াই উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

