দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
মন্ত্রিসভায় চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন বাংলাদেশের ২৩ তম নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ান তিনি। এর কিছু আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। তাকে শপথ পড়ান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ, রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির।
জানা গেছে, মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। আর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে দেওয়া হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।
মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হচ্ছেন। বাদ পড়ছেন আফরোজা খানম। তবে তাকে অন্য একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হচ্ছে।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে সাচিং প্রু জেরীকে। ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

