এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের যৌথ অভিযানে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জুয়েল রানা ওরফে জুয়েল (৩৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সংঘবদ্ধ অপরাধ, মাদক, হত্যা, ছিনতাই, অপহরণ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। পলাতক আসামিদের আইনের আওতায় আনতেও বাহিনী নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বগুড়া সদর থানার মামলা নং-৮০, তারিখ ২০ জুন ২০১৬, জিআর-৬২৯/১৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১)/৯(ক) ধারায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জুয়েল রানা ওরফে জুয়েল গ্রেপ্তার এড়াতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় আত্মগোপন করে রয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে শনিবার (২৭ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল শিবু মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বগুড়া জেলার গাবতলী থানার হামিদপুর দোয়ারপাড়া উত্তরপাড়ার বাসিন্দা, মোঃ জামান সরকারের ছেলে মোঃ জুয়েল রানা ওরফে জুয়েল (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধ দমনে র্যাবের এ ধারাবাহিক তৎপরতা দেশের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাহিনীর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

