https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 25 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হয়েছে দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

admin
October 25, 2026 11:59 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে নিশ্ছিদ্র নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম প্রস্তুতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সার্বক্ষণিক নজরদারির কারণে এ বছর শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। আগামী বছরগুলোতেও এ ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনের শুরুতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, অতীতে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা দেখা গেছে। তবে এবার কোনো ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ডিজিটাল অ্যাপ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সার্বক্ষণিক নজরদারি করা হয়েছে। এর ফলে সম্ভাব্য নাশকতার কয়েকটি পরিকল্পনা আগেই শনাক্ত ও নস্যাৎ করা সম্ভব হয়েছে।

সর্বোচ্চ ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে আরও আনন্দমুখর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, আগে দুর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্দের পরিমাণ সর্বোচ্চ চার কোটি টাকা থাকলেও এ বছর তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপের জন্য চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।

এ ছাড়া সাপ্তাহিক ছুটিসহ এ বছর সনাতন ধর্মাবলম্বীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করেছেন। এর মধ্যে তিন দিন সরকারি ছুটি ছিল। এসব উদ্যোগের মাধ্যমে সরকার ঐক্যবদ্ধ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার আন্তরিকতা প্রকাশ করেছে বলে মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

গোপালগঞ্জ সদর উপজেলার খেয়াঘাটসংলগ্ন এলাকায় সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন সন্ত্রাসী টহলরত পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় পুলিশের সদস্যরা আক্রান্ত হলেও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।

সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে

পার্বত্য অঞ্চলের সাজেকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে একাধিক ক্ষুদ্র সশস্ত্র গোষ্ঠীর অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিবছর পর্যটন মৌসুমে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়।

তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ স্থানীয় নেতারা রাজনৈতিক আলোচনা অব্যাহত রেখেছেন।

অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

পূজার ছুটির মধ্যে একজন অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) বাসভবনে অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৫ জনকে সাজা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযুক্ত কর্মকর্তার পরিচয় বিবেচনায় না নিয়ে তাঁকে ইতিমধ্যে সংযুক্ত করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় মামলাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান মন্ত্রী।

শেখ হাসিনাকে ফেরাতে প্রতিবেশী দেশকে অনুরোধ

বিদেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং বিদেশে দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁকে দেশে ফিরিয়ে আনতে আইন ও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলেও গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করা ব্যক্তিসহ কোনো পলাতক অপরাধীকে নতুন করে অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না বলে সরকার মনে করে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের অন্যতম অঙ্গীকার ছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এ জন্য আইনসভার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।