https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 14 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আজ পবিত্র শবেবরাত

admin
February 14, 2025 12:06 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত। শব ফারসি শব্দ, অর্থ রাত। বরাত শব্দটি আরবি, অর্থ মুক্তি। শবেবরাত মানে মুক্তির রাত। ক্ষমার রজনী। আরবি ১২ মাসের অষ্টম মাস শাবান। এ মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবেবরাত বলা হয়। আরবিতে এ রাতটিকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। মানে শাবান মাসের মধ্য এ রাতে মহান আল্লাহতায়ালা অসংখ্য মানুষকে গোনাহ মাফ করেন।

বিশেষ এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা লাভের আশায় বিভিন্ন ইবাদত পালনে মশগুল হন। কেউ নামাজ পড়েন, কেউ ব্যস্ত সময় কাটান পবিত্র কোরআন তিলাওয়াত করে ও জিকিরে। কায়মনোবাক্যে ক্ষমাপ্রার্থনার মোনাজাত করেন অনেকে।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘একবার রাসুলুল্লাহ (সা.) নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো, তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল; তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ করে বললেন, হে আয়েশা, তোমার কি এ আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, হে আল্লাহর রাসুল, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না? রাসুলুল্লাহ (সা.) বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও আল্লাহর রাসুলই ভালো জানেন। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, এটা হলো অর্ধশাবানের রাত; এ রাতে আল্লাহতায়ালা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন; ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন। আর বিদ্বেষ পোষণকারীদের সে অবস্থাতেই ছেড়ে দেন।’ (শুআবুল ইমান, ৩/৩৮২)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহতায়ালা অর্ধশাবানের রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।’ (ইবনে হিব্বান, হাদিস: ৫৬৬৫)

এ ছাড়া এ রাতকে ভাগ্য রজনীও বলা হয়। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি কি জানো, অর্ধশাবানের রাতের কার্যক্রম কী? আয়েশা (রা.) বললেন, না, হে আল্লাহর রাসুল। নবী (সা.) বললেন, এ বছর যতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং যতজন মারা যাবে তা লিপিবদ্ধ করা হয়। এ রাতেই মানুষের আমল পৌঁছানো হয় এবং এ রাতেই তাদের রিজিক অবতীর্ণ হয়।’ (মিশকাতুল মাসাবিহ, ১৩০৫)

আতা ইবনে ইয়াসার (রহ.) থেকে বর্ণিত, শাবানের ১৫তম রাতে মৃতদের তালিকা (মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেশতার কাছে) দেওয়া হয়। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, ৭৯২৫)

পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে আজ সরকারি ছুটি থাকছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।