দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বগুড়ার শেরপুরে টাউন বারোয়ারী মেলা ও শারদীয় উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মহাসষ্ঠীতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ৭৫তম এ উৎসবের উদ্বোধন করেন শেরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।
শেরপুর পৌর এলাকার টাউন বারোয়ারী পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপন কুমার কুন্ডু।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা দেয়া হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এবং সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং কাউন্সিলর ও পূজা উদযাপন কমিটির সদস্য সৌমেন্দ্রনাথ ঠাকুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইদুজ্জামান হিমু সবাইকে শারদীয় উৎসব এর শুভেচ্ছা জানিয়ে উৎসব আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবাই যেন আনন্দ ও উৎসাহের সঙ্গে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সবার জন্য তিনি শুভকামনা জানিয়েছেন।
মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ আয়োজনকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আগামী বুধবার দশমীর মাধ্যমে এই শারদীয় উৎসব শেষ হবে বলে জানা গেছে।

