দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ডিজিটাল সহযোগিতা জোরদারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ইইউ–বাংলাদেশ রাউন্ডটেবিল অন ডিজিটাল কো-অপারেশন’।
এতে বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের বেসরকারি খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়ে ডিজিটাল উদ্ভাবন ও রূপান্তর নিয়ে আলোচনা করেন।
বৈঠকে ডিজিটাল পাবলিক অবকাঠামো, সংযোগ, সাইবার নিরাপত্তা, আন্তঃপরিচালনযোগ্যতা এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা নিশ্চিত করার মতো বিষয়গুলো গুরুত্ব পায়।
ইইউর ‘গ্লোবাল গেটওয়ে’ কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো ডিজিটাল রূপান্তর। এর মাধ্যমে নিরাপদ ও নির্ভরযোগ্য সংযোগ, স্থিতিশীল ডিজিটাল ইকোসিস্টেম এবং প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।
বাংলাদেশ ও ইউরোপের যৌথ দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে কাজে লাগিয়ে ভবিষ্যতে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও আস্থাভিত্তিক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।

