দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—স্থানীয় সরকারের এই পাঁচ স্তরের নির্বাচন চলতি অর্থবছরের মধ্যেই সম্পন্ন করা হবে। এসব নির্বাচন আয়োজন করতে প্রায় সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। ২০২৬-২৭ অর্থবছরের অনুমোদিত বাজেটেই এ অর্থের সংস্থান রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইতোমধ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে শ্রীমঙ্গল পৌরসভার সম্প্রসারণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, খুব দ্রুত পৌরসভা বর্ধিতকরণের অনুমোদন দেওয়া হবে।
শ্রীমঙ্গলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বৃহত্তর সিলেটের জন্য প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলার জন্য প্রায় ১ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। শ্রীমঙ্গলকে এ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ভাঙাচোরা সড়ক সংস্কার, পর্যটন এলাকার সড়ক প্রশস্তকরণসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
পরে শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন করে তিনি জানান, শহর থেকে কিছুটা দূরে পরিবেশবান্ধব স্থানে ময়লার ভাগাড় সরিয়ে নেওয়া হবে। সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। বর্জ্য থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যতম ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র হিসেবে শ্রীমঙ্গলে সারা বছরই বিপুলসংখ্যক পর্যটক আসেন। পর্যটনকেন্দ্রিক চলমান উন্নয়ন ও নতুন প্রকল্প গ্রহণের বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে।
এ সময় তিনি শ্রীমঙ্গল পৌরসভার হরিজন সম্প্রদায়ের জন্য নির্মাণাধীন সাততলা আবাসন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। পাশাপাশি পর্যায়ক্রমে সরকারি ভবনগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথাও জানান।
এর আগে ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন শেষে শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
এ সময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

