স্টাফ রিপোর্টার:
সেবার মানোন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্ব, নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা
। ২০০৫ সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল দীর্ঘ প্রতিকূলতা অতিক্রম করে আবারও নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। হাসপাতালটির সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত হাসপাতালের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
সভায় হাসপাতালের বর্তমান অবস্থা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং শিশুস্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে প্রতিষ্ঠিত এ হাসপাতালটি একসময় উত্তরাঞ্চলের শিশু চিকিৎসাসেবার অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। তবে পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন ও নানা প্রতিকূলতার কারণে হাসপাতালের কার্যক্রম ব্যাহত হয়। বর্তমানে নবগঠিত পরিচালনা কমিটির নেতৃত্বে হাসপাতালটিকে পুনরায় একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও জনবান্ধব শিশু চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভায় হাসপাতালের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

