দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস খাতের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়েও আলোচনা করা হয়।
বন্দর পরিচালনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, লজিস্টিকস খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে এ ধরনের সহযোগিতার সম্ভাবনা নিয়ে দুই পক্ষের আলোচনায় গুরুত্ব পায়।
সংশ্লিষ্টদের মতে, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস খাতে সহযোগিতা বৃদ্ধি পেলে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

