এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল অনুমান সাড়ে ৪ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দুপচাঁচিয়া উপজেলার সঞ্জয়পুর গ্রামের মো. মোবারকের ছেলে মো. নাইম (২৫), বাঘোপাড়া গ্রামের বুলু মুন্সির ছেলে মো. আসলাম মুন্সি (২৮) এবং খঞ্জয়পুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. মাহবুব প্রাং (৩৬)।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। আদালতের রায়ে দুইজনকে ছয় মাস করে এবং অপর একজনকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি একজনকে ১০০ টাকা এবং অপর দুইজনকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে জব্দ করা মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

