মিন্টু ইসলাম:
১৭ নভেম্বর মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রায় এক বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে বিদ্যুতের সিমেন্টের খুঁটি। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে খুঁটিটি পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে গ্রামের রাস্তার ওপর বিদ্যুতের একটি সিমেন্টের খুঁটি ভেঙে পড়ে রয়েছে। প্রায় এক বছর আগে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার পর সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মীরা নতুন খুঁটি স্থাপন না করে ভাঙা খুঁটির সঙ্গে তার সংযুক্ত করে দেন বলে অভিযোগ স্থানীয়দের। এরপর থেকে খুঁটিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও নতুন খুঁটি স্থাপনের দাবি জানিয়ে কোনো সুফল পাননি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে এলাকার সচেতন নাগরিক আবুল হোসেন বলেন, বিদ্যুতের এই ভাঙা খুঁটি নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে রয়েছেন। বিশেষ করে ঝড়-বৃষ্টির সময় খুঁটিটি আরও ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুত নতুন সিমেন্টের খুঁটি স্থাপন করা প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ খুঁটিটি দ্রুত অপসারণ করে সেখানে নতুন খুঁটি স্থাপন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন।

