এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত ‘খাইরূ উম্মাহ হাফিজিয়া কওমি মহিলা আবাসিক মাদ্রাসা’ থেকে কারিমা তুজ্জোহুরা (১৩) নামে এক শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত ৮ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, মহাস্থান জাদুঘরের অদূরে শীলাদেবী ঘাটের পাশে অবস্থিত ওই আবাসিক মাদ্রাসায় প্রায় দেড় বছর আগে কারিমা তুজ্জোহুরাকে ভর্তি করান তার বাবা এ.কে.এম আব্দুল কাইয়ুম। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বর্ধনকুঠি গ্রামের বাসিন্দা। মেয়েকে মাদ্রাসায় ভর্তি করার পর থেকে তার বাবা-মা নিয়মিত সেখানে আসতেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যেতেন।
প্রতিদিনের মতো গত ৮ আগস্ট রাতেও কারিমা মাদ্রাসার আবাসিক কক্ষে অবস্থান করছিল। তবে রাত আনুমানিক ৩টার পর তাকে আর কক্ষে পাওয়া যায়নি। বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীকে প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘ সময় খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় মাদ্রাসার পরিচালক আমিনুর রহমান বিষয়টি কারিমার অভিভাবক ও স্বজনদের জানান।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত মাদ্রাসায় এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় সম্ভাব্য বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও কারিমার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে এ ঘটনায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগ পাওয়ার পর শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বলছে, নিখোঁজের কারণ অনুসন্ধান এবং শিক্ষার্থীকে উদ্ধারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে, একমাত্র আদরের মেয়ের হঠাৎ নিখোঁজের ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক ও উদ্বেগ। কারিমা তুজ্জোহুরার সন্ধানে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর পরিচয়:
নাম: কারিমা তুজ্জোহুরা (১৩)
পিতা: এ.কে.এম আব্দুল কাইয়ুম
ঠিকানা: বর্ধনকুঠি গ্রাম, গোবিন্দগঞ্জ উপজেলা, গাইবান্ধা।
কারিমার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
📞 ০১৭১৯-৫১০১৫১
📞 ০১৭৫০-৫৯৩৬১৪

