এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নন্দীগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আরা।
গ্রেফতারকৃতরা হলেন – মো. ইমরান শেখ বিপ্লব (৪০), পিতা: মৃত নূরুল ইসলাম, সাং- কলেজপাড়া, থানা- নন্দীগ্রাম, জেলা- বগুড়া এবং মো. রাজিব (২১), পিতা: মো. আফতাব উদ্দিন, সাং- কাজীপাড়া, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও।
অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরে ঘটনাস্থলেই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।

