শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্য সৃজন আর্টস একাডেমি’র উদ্যোগে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ শীর্ষক মনোজ্ঞ নৃত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শেরপুর উপজেলা অডিটরিয়ামে জমকালো আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদুজ্জামান হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা।
এ সময় নৃত্য সৃজন আর্টস একাডেমির কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. তিতুমীর, সহসভাপতি সিদ্ধি বসাক, মো. মনিরুজ্জামান ও রাফসান জাহান দিপা, সাধারণ সম্পাদক নাছিমা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসি সেতু, সাংগঠনিক সম্পাদক মো. হাসান উল বাল্লা, অর্থ সম্পাদক মেহজাবীন মিথিলা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আয়েশা সিদ্দিকা অনন্যা, প্রচার ও প্রকাশনা সম্পাদক লতা রানী বসাক, দপ্তর সম্পাদক আব্দুল মালেক শেখ এবং কার্যনির্বাহী সদস্য নিভা সুলতানা ও বিপ্লব কুমার উরাওসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও শুভেচ্ছা বক্তব্যের পর অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে নৃত্য সৃজন আর্টস একাডেমির শিল্পীদের অংশগ্রহণে বিশেষ নৃত্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিল্পীদের নান্দনিক ও নিপুণ পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
উল্লেখ্য, বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী এলাকায় প্রতিষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান নৃত্য সৃজন আর্টস একাডেমি ২০১১ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি দেশীয় সংস্কৃতির চর্চা, ঐতিহ্য সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রেখে আসছে।

