মিন্টু ইসলামঃ
বগুড়ার শেরপুর উপজেলার মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ ইউ-টার্নগুলো বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (২১ জুন) সকাল ৯টার দিকে নাবিল হাইওয়ে হোটেলের সামনে অবস্থিত একটি ইউ-টার্ন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, গত ১৭ জুন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ-এর পরামর্শক্রমে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় চান্দাইকোনা-বগুড়া মহাসড়কের শেরপুর ধুনট মোড় পর্যন্ত সব ইউ-টার্ন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউ-টার্ন বন্ধ হওয়ায় ফুড ভিলেজ এলাকা থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে এখন ছোনকা বাজারের আন্ডারপাস ব্যবহার করে নির্ধারিত পথে মহাসড়কে প্রবেশ করতে হচ্ছে। ফলে বিপরীতমুখী বা রং সাইডে যান চলাচল বন্ধ হবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, “মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কের ইউ-টার্নগুলো বন্ধ করা হচ্ছে। মূলত এগুলো আরও আগেই বন্ধ হওয়ার কথা ছিল। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে মহাসড়কের এসব ইউ-টার্ন ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটত। নতুন এই ব্যবস্থা কার্যকর হলে মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

