এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. বাবলা ফকির (৩৭)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ জানতে পারে যে, নন্দীগ্রাম থানার এফআইআর নং-১৭, তারিখ ১৮ মে ২০২৬, জিআর নং-৬৭, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড, ১৮৬০-এর ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. বাবলা ফকির দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে চলছিলেন এবং বৃহস্পতিবার (২ জুলাই) বগুড়া শহরের চক সূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পলাতক আসামি মো. বাবলা ফকির (৩৭), পিতা- মৃত রহিম উদ্দিন, সাং- চক সূত্রাপুর, বাদুরতলা (কুলিপট্টি), থানা- বগুড়া সদর, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি নন্দীগ্রাম থানার আলোচিত ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

