এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের নিয়ে কর্মশালা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বগুড়ার নবাববাড়ী সড়কে অবস্থিত মহানগর কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদপ্রত্যাশীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। কর্মশালাটি পরিচালনা করেন মহানগর শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন।
কর্মশালায় বক্তব্য দেন মহানগর সেক্রেটারি ও বগুড়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শ্রমিক নেতা আজগর আলী, ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসেন, শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল বাছেত, বগুড়া সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ ও রুহুল কুদ্দুস ডিলু। এ ছাড়া কাউন্সিলর প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, সেলিম রেজা, মাওলানা হেদায়েতুল ইসলাম ও অধ্যাপক আব্দুস সালাম তুহিনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, আত্মশুদ্ধি, জ্ঞানচর্চা ও নৈতিক অনুশীলনের মাধ্যমে নিজেদের যোগ্যতা বাড়াতে হবে। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে জনপ্রতিনিধি হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। নির্বাচনী এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, জনগণের আস্থা অর্জন এবং সততা ও আমানতদারির সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
তাঁরা আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদগুলোকে মাদক ও দুর্নীতিমুক্ত রাখতে কার্যকর ভূমিকা পালন করতে হবে। জনসেবা, জবাবদিহি ও জনকল্যাণকে জনপ্রতিনিধিদের কাজের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করার আহ্বান জানান বক্তারা।
কর্মশালায় বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান পদপ্রত্যাশীদের নাম তুলে ধরা হয়। তাঁরা হলেন- ১ নম্বর ফাঁপোড় ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মহররম আলী, ২ নম্বর সাবগ্রাম ইউনিয়নে অধ্যাপক হারুন অর রশিদ, ৩ নম্বর নিশিন্দারা ইউনিয়নে মাওলানা লৎফর রহমান, ৪ নম্বর এরুলিয়া ইউনিয়নে হাইকোর্টের আইনজীবী আলাউদ্দিন সোহেল, ৫ নম্বর রাজাপুর ইউনিয়নে সারদুল হাসান দিপু, ৬ নম্বর শাখারিয়া ইউনিয়নে মাওলানা মিজানুর রহমান, ৭ নম্বর শেখেরকোলা ইউনিয়নে মাওলানা আব্দুল বাছেত, ৮ নম্বর গোকুল ইউনিয়নে মাস্টার আজমল হোসেন আজহার, ৯ নম্বর নুনগোলা ইউনিয়নে ডা. হাসান আলী, ১০ নম্বর লাহিড়ীপাড়া ইউনিয়নে মাওলানা আব্দুস সোবহান এবং ১১ নম্বর নামুজা ইউনিয়নে শফিকুল ইসলাম।
কর্মশালায় অংশগ্রহণকারীদের নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি নৈতিকতা, জনসম্পৃক্ততা ও দায়িত্বশীল নেতৃত্বের চর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

