বগুড়া প্রতিনিধি:
বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৫৭০ কোটি ২৯ লাখ টাকা।
প্রকল্পের আওতায় বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত সরাসরি নতুন ডুয়েলগেজ রেলসংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা।
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (AIIB) অর্থায়ন কাঠামোর আওতায় প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তুতি চলছে। সরকারি নথি অনুযায়ী, নতুন রেলপথটির দৈর্ঘ্য হবে প্রায় ৮৬ কিলোমিটার। এ পথে ১১টি স্টেশন নির্মাণের পাশাপাশি সেতু-কালভার্ট, আধুনিক সংকেতব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বগুড়া ও সিরাজগঞ্জের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। একই সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ আরও সহজ ও কার্যকর করার সুযোগ তৈরি হবে।
নতুন এই রেলপথের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন সংযোগ তৈরি হওয়ার পাশাপাশি উত্তরাঞ্চলের রেল যোগাযোগব্যবস্থায়ও এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

