দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ভৌগোলিক নৈকট্যকে অর্থনৈতিক সুবিধায় রূপান্তর করে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, দুই দেশের বিপুল অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে হলে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক বাণিজ্য পরিবেশ ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যতে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সিআইআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ ব্যানার্জি। বৈঠকে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

