দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ডের পরিচালক মনোনীত হয়েছেন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। বিশিষ্ট নজরুল গবেষক ও কবি আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে তিন বছর মেয়াদে এ পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থার সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারার বিধান অনুযায়ী তিন বছর মেয়াদে নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। আদেশ জারির তারিখ থেকে এ বোর্ডের কার্যক্রম শুরু হবে। পরিচালনা বোর্ড আইনটির ৬ ধারার বিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে।
নতুন বোর্ডের চেয়ারম্যান আবদুল হাই শিকদার। তিনি আগের বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হয়েছেন।
১২ সদস্যবিশিষ্ট এ পরিচালনা বোর্ডে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের পাশাপাশি গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা স্থান পেয়েছেন।
বোর্ডের সদস্যরা হলেন—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), অর্থ বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকারবলে), দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, ৭১ টেলিভিশনের সংবাদপ্রধান মো. শাহ আজিজুর রহমান, ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।
দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুর বাসসের পরিচালনা বোর্ডে পরিচালক হিসেবে মনোনয়ন বগুড়ার গণমাধ্যম অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য খবর।

