এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের লক্ষ্যে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর রাজশাহী বিভাগীয় পর্বে ছয়টি উদ্ভাবক দল বিজয়ী হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার বিভাগীয় বিজ্ঞান মেলা মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে তরুণ উদ্ভাবকেরা তাঁদের সৃজনশীল প্রকল্প ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন প্রদর্শন করেন।
প্রদর্শনী শেষে কলেজের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা মেধাবী ও উদ্যমী তরুণদের খুঁজে বের করার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এমন উদ্যোগ দেশ গঠন এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে দেশীয় উদ্ভাবক ও প্রযুক্তি প্রতিভা বিকাশের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। তরুণদের চিন্তা, গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগকে যথাযথ পৃষ্ঠপোষকতা দেওয়া গেলে দেশেই নতুন নতুন প্রযুক্তি ও সম্ভাবনাময় উদ্ভাবন গড়ে উঠবে।
উল্লেখ্য, তরুণ প্রজন্মের বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন তৃতীয়বারের মতো এ জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছে। বিভাগীয় পর্যায়ের বিজয়ী ছয়টি দল তাদের উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাবে।

