এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার চারজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়া মহানগরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদসংলগ্ন এলাকা এবং চকসূত্রাপুরের চামড়াগুদাম এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এবং বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ওই চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শুকুর আলী (১৮), পিতা মৃত খলিল, সাং মরা দাতিয়া, পলাশবাড়ী, গাইবান্ধা; মো. হুমায়ুন কবির (৫২), পিতা মৃত আজাদ, সাং ফুলবাড়ী দক্ষিণপাড়া; মো. আল আমিন (২৯), পিতা মো. আনিছুর রহমান, সাং তেকড়া, কাহালু এবং মো. শুভ (২২), পিতা মৃত পান্নু, সাং কালিতলা।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে প্রথম আসামি শুকুর আলীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপর তিন আসামি হুমায়ুন কবির, আল আমিন ও শুভকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রমের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

