ঢাকা প্রতিনিধি:
ঢাকা, ১৯ আগস্ট ২০২৬: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়েরস (MSF)-এর একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন MSF-এর আন্তর্জাতিক সভাপতি ডা. জাভিদ আবদেলমোনেইম।
বৈঠকে MSF-এর পক্ষ থেকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পরিচালিত বিভিন্ন মানবিক ও চিকিৎসাসেবা সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। এসব কার্যক্রমের মধ্যে বহির্বিভাগ ও জরুরি চিকিৎসা, পানি-স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH), মাতৃস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যসেবা উল্লেখযোগ্য। এসব সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ স্থানীয় host community-এর মানুষও পেয়ে থাকেন।
রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য MSF-এর চিকিৎসা ও মানবিক সেবার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, রাখাইন রাজ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান।
একই সঙ্গে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক মানবিক এজেন্ডায় গুরুত্বের সঙ্গে ধরে রাখতে MSF-এর অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকটের মানবিক দিক এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য চলমান চিকিৎসা ও মানবিক সহায়তা নিয়েও আলোচনা হয়।

