দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বিগত সরকার দেশকে ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছিল। সেই জঞ্জাল ও সংকট পেরিয়ে বর্তমান সরকার স্বাভাবিকভাবে দেশ পরিচালনা করতে পারছে—এটিই বড় অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আতিকুর রহমান রুমন বলেন, “আজকে আমাদের জনগণের সরকারের ১৮০ দিন পূর্তি। আমি শুধু বলব, এই সরকার যে স্বাভাবিকভাবে চলছে, এটাই আপনাদের কাছে অনেক কিছু।”
বিগত সরকারের রেখে যাওয়া পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, “বিগত সরকার যে জঞ্জাল, যে অবস্থায়, ভঙ্গুর দশায় দেশকে রেখে গেছে, আমরা যে সরকার পরিচালনা করতে পারছি, তারেক রহমান সরকার যে পরিচালনা করতে পারছেন, এটাই কিন্তু অনেক বড় কিছু।”
সংবাদ সম্মেলনের শুরুতে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব। এরপর সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিনে বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে বক্তব্য দেন তিনি।

