https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday, 13 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ইসওয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক, আলোচনায় জলবায়ু, পাট ও বাণিজ্য

admin
November 13, 2026 4:46 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে ইসওয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ডলামিনির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১-এর ব্লু জোনে অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইসওয়াতিনির পর্যটন ও পরিবেশবিষয়ক মন্ত্রী জেন মখোন্তা-সিমেলানে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এর মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা, সহজলভ্য ও পূর্বানুমানযোগ্য অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন, অভিযোজন লক্ষ্যমাত্রা এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের বিষয়গুলো গুরুত্ব পায়।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার।

ইসওয়াতিনির প্রধানমন্ত্রী বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, জলবায়ু বিষয়ে দুই দেশের অগ্রাধিকার ও অবস্থানের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। এ ছাড়া তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ থেকে আফ্রিকার দেশ ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠেয় কপ-৩২ পর্যন্ত পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন তৈরির বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।

বৈঠকে বাংলাদেশের সোনালি আঁশ পাট বিশেষ গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটকে প্লাস্টিকের পরিবেশবান্ধব, নবায়নযোগ্য ও জীবাণুবিয়োজ্য বিকল্প হিসেবে তুলে ধরেন। তিনি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য ইসওয়াতিনি সরকারের প্রশংসা করেন এবং প্লাস্টিকের ব্যাগের বিকল্প হিসেবে পাট ও পাটজাত পণ্য ব্যবহারের প্রস্তাব দেন।

এ সময় তিনি ইসওয়াতিনির প্রধানমন্ত্রীকে কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান। পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে পরিবেশবান্ধব উৎপাদন, পুনর্ব্যবহার ও টেকসই উদ্যোগের বিষয় তুলে ধরে বাংলাদেশ থেকে আরও বেশি সাশ্রয়ী ও টেকসই পোশাক আমদানির আহ্বান জানান।

স্বাস্থ্যসেবা খাতেও দুই দেশের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। ইসওয়াতিনির প্রধানমন্ত্রী দেশটির স্বাস্থ্য খাতের প্রয়োজনীয়তা তুলে ধরলে বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের ওষুধশিল্প ১৫০টিরও বেশি দেশে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ওষুধ রপ্তানি করছে। ইসওয়াতিনির স্বাস্থ্যসেবা খাতের চাহিদা পূরণে বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

বৈঠকে কমনওয়েলথের সদস্য এবং গ্লোবাল সাউথের অংশীদার হিসেবে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বহুপক্ষীয় বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের পক্ষে ইসওয়াতিনির আরও জোরালো ও অব্যাহত সমর্থন কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকের শেষ পর্যায়ে ইসওয়াতিনির প্রধানমন্ত্রীকে পাটের কাপড়ে তৈরি একটি দৃষ্টিনন্দন জ্যাকেট উপহার দেন শামা ওবায়েদ ইসলাম। উপহারটি পেয়ে ইসওয়াতিনির প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং পাট ও পাটজাত পণ্যের প্রচারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।