এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি কৃষক পরিবারকে বাড়িতে অবরুদ্ধ করে সাড়ে তিন বিঘা জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক লুৎফর রহমান প্রতিপক্ষের নয়জনকে অভিযুক্ত করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের গোপালনগর গ্রামের কৃষক লুৎফর রহমানের সঙ্গে প্রতিবেশী আব্দুল গণি, আব্দুল ওহাব, মজিদ ও হাবিবুর রহমানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগী কৃষক লুৎফর রহমান অভিযোগ করে বলেন, তাঁদের পূর্বপুরুষের আমল থেকে প্রায় এক শত বছর ধরে তাঁরা বিরোধপূর্ণ জমি ভোগদখল করে আসছেন। কিন্তু গত বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষ আব্দুল গণি বহিরাগত লোকজন নিয়ে এসে তাঁদের সাড়ে তিন বিঘা জমির আধাপাকা ধান কেটে নিয়ে যান। এ সময় তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করলে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের বাড়িঘরের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল গণি। তিনি বলেন, তাঁরা নিজেদের জমির ধান নিজেরাই কেটেছেন। কাউকে বাড়িঘরে অবরুদ্ধ করার ঘটনা ঘটেনি। তবে লুৎফর রহমানের সঙ্গে জমিজমা নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন থাকার বিষয়টি তিনি স্বীকার করেন।
এদিকে, ধান কাটার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ধান কাটার অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষের জমির কাগজপত্র পর্যালোচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

