ঢাকা প্রতিনিধি: লিবিয়ায় এক বাংলাদেশি যুবককে জিম্মি করে পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং পরবর্তীতে আরও ৪২ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ছেলের জীবন রক্ষার আশায় পরিবার পাঁচ লাখ টাকা পরিশোধ করলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে নাটোরের সিংড়া থানার সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)।
সিআইডির তদন্ত সূত্রে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের (৭০) ছেলে মো. সাইফুল (৩৯) পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দুই বছর আগে সোহেল নামের এক বাংলাদেশি দালালের মাধ্যমে লিবিয়ায় যান। সেখানে গিয়ে তিনি মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন বলে অভিযোগ উঠেছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৫ আগস্ট দুপুরে লিবিয়ার একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের স্ত্রীর ফোনে কল করে জানানো হয়, তাঁকে আটকে রাখা হয়েছে। জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফুলের সঙ্গে কথা বলতেও দেওয়া হবে না বলে জানানো হয়।
ছেলের জীবন রক্ষার আশায় পরিবার ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকানের মাধ্যমে অভিযুক্তদের দেওয়া একাধিক মোবাইল নম্বরে মোট পাঁচ লাখ টাকা পাঠায়। কিন্তু টাকা পাওয়ার পরও পরিবারের সঙ্গে সাইফুলের কোনো যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি।
পরবর্তীতে সোহেল নামের এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তাঁর বিষয়ে সব তথ্য জানার দাবি করেন। এমনকি নিজে লিবিয়ায় গিয়ে সাইফুলকে উদ্ধার করে আনার আশ্বাসও দেন। এ জন্য তাঁর স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় যেতে বলা হয়। সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এরপর অন্য একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক রয়েছেন।
একপর্যায়ে ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন অসহায় বাবা। এরপর থেকে তাঁর ও সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে আর কোনো কল আসেনি।
এ ঘটনায় আব্দুস সামাদ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর দায়ের করা মামলাটির নম্বর ০৭। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬, ৭, ৮ ও ১০(১) ধারাসহ দণ্ডবিধির ৩৬৪, ৩৮৫, ৩৮৬, ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়।
পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডির টিএইচবি ইউনিট। তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় সিআইডির একটি দল নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করে।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের পরিচয়, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান জানার চেষ্টা চলছে।
দেশীয় ও আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং লিবিয়ায় আটক সাইফুলকে উদ্ধারে সিআইডির কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিদেশে কর্মসংস্থানের প্রলোভনে প্রতারণা ও মানব পাচার প্রতিরোধে বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি, ভিসা এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সিআইডি।
মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

