দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।
এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের অংশগ্রহণের কথা রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, কর্মময় অভিজ্ঞতা এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও পেশাজীবীদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে লেখা nagorikshoronshova@gmail.com ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলো স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।
এ ছাড়া বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব, সাফল্য ও জাতীয় জীবনে অবদান নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার ভূমিকা, রাজনৈতিক উত্তরাধিকার ও রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিক ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।
সূত্র: বাসস

