দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তসীমান্ত নদী ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক জোরদার, মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়। একই সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বৈঠকের শেষ পর্যায়ে নেদারল্যান্ডসের মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেদারল্যান্ডস সফরের আমন্ত্রণ জানান।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে এ বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
দৈনিক প্রাণের শহর বিডি
ওয়েবসাইট: www.pranershohorbd.net

