এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি।
বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’। এ সময় বিলটির বিভিন্ন দিক, প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা। আলোচনা শেষে বিলটি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে জাতীয় সংসদের অধিবেশনে প্রতিবেদন আকারে উপস্থাপনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এমপি, মো. মোশারফ হোসেন এমপি, শেখ মজিবুর রহমান ইকবাল এমপি, মো. রুহুল আমিন এমপি এবং মো. তাজউদ্দীন খান এমপি।
বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

