দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক: বগুড়ার ঐতিহাসিক শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী করে গড়ে তুলতে আধুনিকায়নের উদ্যোগ শুরু হয়েছে। পুরোনো স্থাপনার কিছু অংশ রেট্রোফিটিংয়ের মাধ্যমে সংস্কার এবং বাকি অংশ ভেঙে নতুন করে নির্মাণের মাধ্যমে হাইব্রিড মডেলে আধুনিকায়ন করা হবে স্টেডিয়ামটি।
সব প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই শুরু হতে পারে দৃশ্যমান নির্মাণকাজ। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন পর বগুড়ার মাটিতে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সম্ভাবনা তৈরি হবে।
স্টেডিয়ামের সংস্কার পরিকল্পনা ও অগ্রগতি সরেজমিনে দেখতে সোমবার দুপুরে বগুড়ায় আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। বেলা আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় সভা শেষে বিকেলে শহীদ চাঁন্দু স্টেডিয়াম ও সংলগ্ন ওয়ান্ডারল্যান্ড পার্ক পরিদর্শন করেন তারা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এবং পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী সানভি। এসময় তারা স্টেডিয়ামের আধুনিকায়ন, অর্থায়ন, নকশা প্রণয়ন ও নির্মাণকাজ শুরুর সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত জানান।
বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানান, স্টেডিয়ামের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য কনসালটেন্ট ফার্ম নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়া হবে।
সমন্বয় সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, স্থানীয় প্রশাসন এবং সম্ভাব্য কনসালটেন্ট ফার্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বীকৃত ভেন্যুর মানদণ্ড বজায় রাখতে স্টেডিয়ামের পাশাপাশি ওয়ান্ডারল্যান্ড পার্কেও উন্নত অনুশীলন সুবিধা গড়ে তোলা হবে।
বিসিবি’র পরিচালক আসিফ সিরাজ রব্বানী সানভি বলেন, শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে ঘিরে বগুড়াবাসীর অনেক স্বপ্ন ও আবেগ জড়িয়ে আছে। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিবিজড়িত এই স্টেডিয়াম নিয়ে ২০০৬ সাল থেকেই বড় পরিকল্পনা ছিল। কিন্তু বিগত ১৭ বছরে স্টেডিয়ামটি অবহেলা ও অবমূল্যায়নের শিকার হয়েছে।
বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প্রসঙ্গে সানভি বলেন, শুধু দৃশ্যমান উন্নয়ন নয়, উন্নয়ন যেন টেকসই হয়, সে জন্য নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আন্তরিকতায় জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কনসালটেন্ট ফার্ম নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

