এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার প্রত্যয়ে বগুড়ার শেখেরকোলা ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকা উচ্চ বিদ্যালয় মাঠে শেখেরকোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্দেশ্য হিসেবে আয়োজকেরা মাদক ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করার কথা জানান।
শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সহসভাপতি রশিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার পরিদর্শক আসলাম আলী মন্ডল। শুভেচ্ছা বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সহখাদ্যবিষয়ক সম্পাদক ও শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রকিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী, ইউপি সদস্য বাদশা মিয়া, জেলা ছাত্রদলের সহসভাপতি রুহুল আমিন আমিন, বিএনপি নেতা ডা. ইলিয়াস হোসেন, মুকুল মিয়া, আব্দুর রহিম, আশরাফুল ইসলাম, ফেরদৌস আলম, সদর উপজেলা যুবদল নেতা ছামসুল আলম ও রবিন তালুকদার, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান নুহু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত ৩ নম্বর ওয়ার্ডকে ১-০ গোলে পরাজিত করে ৮ নম্বর ওয়ার্ড জয়লাভ করে। কাঙ্ক্ষিত জয়ে ৮ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
খেলাটিতে ধারাভাষ্য দেন ক্রীড়া ধারাভাষ্যকার মাসুদ রানা।
আয়োজকেরা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকায় নিয়মিত ক্রীড়া চর্চার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

