মিন্টু ইসলাম: বগুড়ার শেরপুর উপজেলার ২ নম্বর গাড়িদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের দীর্ঘদিনের চলাচলের রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, জয়নগর নতুনপাড়া, জয়নগর দিঘিরপাড়া, জয়নগর শাহাপাড়া, জয়নগর দক্ষিণপাড়া ও জয়নগর উত্তরপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ প্রায় দুই কিলোমিটার রাস্তা পাঁচ বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি বর্তমানে কাঁচা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, রাস্তার দুই পাশে বসতবাড়ির পাশাপাশি রয়েছে আবাদি জমি। বর্ষাকালে কাদা ও পানি জমে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। শহর ও আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগও কঠিন হয়ে পড়েছে।
জয়নগর এলাকার ব্যবসায়ী রাসেল হাসান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে খুব কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করছি। দ্রুত রাস্তার সংস্কার প্রয়োজন। পাশাপাশি রাস্তাটি প্রশস্ত করে পাকা করা হলে জয়নগরসহ আশপাশের গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থার উন্নতি হবে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের প্রয়োজন থাকলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত রাস্তা সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ কমাতে দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

