এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় মসজিদের জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে মসজিদের জায়গা নিয়ে চলমান বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এ সময় কালাম হাজি ও ডাবলু কারিগর পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ দফায় দফায় প্রায় এক ঘণ্টা ধরে চলে। এ সময় মসজিদের টিনের বেড়া, মাইক ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ ওঠে। একই সঙ্গে মসজিদের কয়েকটি ফ্যান খুলে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।
খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন করে মোট ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মসজিদের জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

