এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান নিয়েও আলোচনা করেন তাঁরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু সাহেব সানি এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রিপন।
এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

