শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় মজুমদার প্রডাক্ট অব ইন্ডাস্ট্রিজের দেয়ালসংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোনকা এলাকায় মজুমদার প্রডাক্ট অব ইন্ডাস্ট্রিজের উত্তর ও দক্ষিণ পাশের দেয়ালের পাশে জনৈক নজরুল ইসলামের বাড়ির নিকটে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নিহত যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক হওয়ায় এর প্রকৃত কারণ উদঘাটন এবং মরদেহের পরিচয় শনাক্তে শেরপুর থানা পুলিশ কাজ করছে।
পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

